দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ৪৮ মিনিটে দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়। দিল্লি পুলিশ ও নিরাপত্তা দল এখনো বিষয়টি খতিয়ে দেখছে। আমাদের সন্দেহ বিস্ফোরণটি সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দূতাবাসের চারপাশে নিরাপত্তা বাড়িয়েছিল ভারত সরকার। সেই কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়েই গত মঙ্গলবার বিকেলে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে দূতাবাস এলাকা। বিস্ফোরণস্থলের পাশে একটি চিঠি উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি; সেই চিঠিতে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনামূলক বার্তা ছিল।
.png)
জানা গেছে, দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যদিও এই হামলায় কোনো হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণস্থলের কাছে সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজনের ছবি সামনে এসেছে। তাদের গতিবিধি ট্র্যাক করে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশেষজ্ঞরা ‘রাসায়নিক বিস্ফোরণের’ সম্ভাবনাকে মাথায় রেখে কাজ করছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর একটি দল ঘটনাস্থল পৌঁছে এলাকা পরীক্ষা করেছে।