বুধবার (১৩ মার্চ) প্রকাশিত আদালতের ৯ পাতার নথিতে বলা হয়েছে, জর্জিয়ায় ৪১টি অভিযোগের মধ্যে ৬টি খারিজ হয়েছে। এর মধ্যে সরাসরি তিনটি ট্রাম্পের বিরুদ্ধে। এরপরও তাকে আরো ১০টি অভিযোগের মুখোমুখি হতে হবে।
খারিজ হওয়া ছয়টি অভিযোগে বলা ছিল, ট্রাম্প ও তার সহযোগীরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নির্বাচনী কর্মকর্তাদের শপথ ভঙ্গ করতে অনুরোধ করেছিলেন।
.png)
ওই নির্বাচনে জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জর্জিয়ার মতো একটি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয় পাওয়াটা বেশ গুরুত্ববহ ছিল।
জর্জিয়ার ফুলটন কাউন্টি সুপিরিওর আদালতের বিচারক স্কট ম্যাকঅ্যাফে বলেন, এ ছয়টি অভিযোগ সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য–উপাত্ত পাওয়া যায়নি।
তবে মামলাটির সবচেয়ে গুরুতর অভিযোগ খারিজ করেননি বিচারক স্কট। সেই সঙ্গে প্রসিকিউটররা চাইলে খারিজ হওয়া অভিযোগগুলোর বিষয়ে একটি নতুন, আরো বিস্তারিত অভিযোগ আনার সুযোগ খোলা রেখেছেন আদালত।
সূত্র: আল-জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)