ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন)।
ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তেলবাহী জাহাজটি খারগ দ্বীপের উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। দেশটির আরেক সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ দাবি করেছে, জাহাজটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর জাহাজে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও দাবি করা হয়েছে।
.png)
তবে জাহাজটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানা কিংবা লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটির মাধ্যমে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়ে থাকে। ফলে সামরিক উত্তেজনার মধ্যে দ্বীপটির আশপাশে যেকোনো হামলা ইরানের তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সাম্প্রতিক সময়েও দ্বীপটি ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও হুমকি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা