ইয়েমেনের বাজারে হামলায় ৩০ জন নিহত, আহত ৮
ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। হামলার জন্য সৌদি আরবের বিমানবাহিনীকে দায়ী করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ও ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, হামলাটি চালিয়েছে হুথি গোষ্ঠী।
শুক্রবার (৬ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে ‘বেশ কয়েকটি হামলার’ ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে হুথি গোষ্ঠী বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকায় তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে সংগঠনটি। খবর এনডিটিভির।
হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, সৌদি আরবের বিমান থেকে আল-ওয়াজিয়া শহরের বাজারে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এতে ৩০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান দিয়ে হামলাগুলো চালানো হয়েছে।
তবে ইয়েমেনের সরকারি বাহিনী এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি গোষ্ঠী। ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তারা।
তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে বাজারে হামলার জন্য হুথির নির্বিচার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে দায়ী করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি।
দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে ইয়েমেন আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম রণক্ষেত্রে পরিণত হয়েছে।
সূত্র: এপি