ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বরিস জনসন
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগেই ট্রেনটির যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
.png)
কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে বরিস জনসনের সঙ্গে একই রেলপথ ব্যবহার করছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে তারা যে ট্রেনে ছিলেন, সেটি হামলার শিকার হয়নি।
রাশিয়া দাবি করেছে, তারা পশ্চিম ইউক্রেনের ‘রেল অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলার লক্ষ্য সম্ভবত ‘কূটনৈতিক ট্রেন’ ছিল।