ইসরায়েলের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের সমন্বয়ে একযোগে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবরের হামলায় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। ওই সময় হামাস এককভাবে অভিযান শুরু করায় ইরান ও হিজবুল্লাহ একই সময়ে অন্য ফ্রন্টগুলো সক্রিয় করতে পারেনি। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে শুরু থেকেই একাধিক ফ্রন্ট একসঙ্গে সক্রিয় করার পরিকল্পনা করছে তেহরান।
.png)
আরব গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের কমান্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত জুলাইয়ে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত খলিল আল-হায়ার সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্কও এই সমন্বয়কে আরও শক্তিশালী করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও উত্তর দিক থেকে ইসরায়েলের ওপর একযোগে চাপ তৈরির লক্ষ্যে হামাস ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সমন্বয় বাড়ার বিষয়টিও শনাক্ত করেছে আইডিএফ।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পর ইরাক ও ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা এই জোটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি যৌথ সামরিক মহড়াও জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট