ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৭ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১০
সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার ভোরে নাবাতিয়েহ জেলার কাফর রেমান শহরে এই তাণ্ডব চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর ঠিক একদিন আগেই নিকটবর্তী আরব সালিম শহরে চালানো অপর এক হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হন।

Advertisement

একই সময়ে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকার একটি জনবহুল আবাসিক স্কয়ারে আঘাত হানে ইসরায়েলি সেনা। তবে হামলার পূর্বমুহূর্তে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি আস্তানা সংলগ্ন ভবনকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, ওই ভবনটি থেকে বিস্ফোরকবাহী একটি ড্রোন পরিচালনা করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামেনি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি জেইনা খোদর পরিস্থিতি বর্ণনা করে জানান, রাতভর ধ্বংসযজ্ঞের পর পুরো দক্ষিণ লেবাননজুড়ে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি কোলের শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, গত ৪৮ ঘণ্টা ধরে একের পর এক হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা ও বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করতে রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!