যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিনে ৬৪ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৭৯২ কোটি ২৫ লাখ টাকা) মেডিকেইড (যুক্তরাস্ট্রের যৌথ সরকারি স্বাস্থ্য বীমা প্রোগ্রাম) জালিয়াতি ও অবৈধ ঘুষ কেলেঙ্কারির অভিযোগে প্রবাসী বাংলাদেশি নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। জাকিয়া খান (৫৫) নামের ওই নারী দুটি সামাজিক বয়স্ক ডে-কেয়ার সেন্টার কেন্দ্র ও একটি হোম হেলথ কেয়ার কোম্পানি পরিচালনা করতেন। এসব বৃদ্ধাশ্রমের আড়ালে তিনি এই বড় ধরনের অর্থ আত্মসাতের নেতৃত্ব দেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মার্কিন ডিস্ট্রিক্ট জজ নাতাশা সি. মার্লে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অপরাধে এই দণ্ডাদেশ দেন।
.png)
আদালতের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলার বা ৭৯২ কোটি টাকার ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে সরকার প্রায় ৫৬ মিলিয়ন ডলার বা ৬৯২ কোটি টাকা পরিশোধ করে।
অভিযোগ অনুযায়ী, প্রবীণদের নগদ অর্থ দিয়ে কোনো সেবা না নিয়েও ভুয়া উপস্থিতির কাগজে সই করানো হতো। পরে এসব নথি ব্যবহার করে সরকারি অর্থের দাবি করা হয়। তদন্তকারীরা জাকিয়ার অফিসে ঘুষ লেনদেনের ভিডিও পান।
জালিয়াতির অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, বিপুল নগদ অর্থ ও সোনার গয়না সংগ্রহ করেন। গত বছর জাকিয়া নিজের দোষ স্বীকার করেন।
সাজার পাশাপাশি তাকে সরকারের কাছ থেকে নেওয়া প্রায় ৬৯২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তার দুই বাড়ি, নগদ অর্থ ও সোনাসহ প্রায় ৬২ কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রুকলিনের আদালতে বিচারক নাতাশা সি. মার্ল এই রায় দেন।
সূত্র : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ