ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুরে নারীদের ম্যারাথন, দৌড়ালেন চার শতাধিক নারী

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২৭ নভেম্বর ২০২৬
শেরপুরে নারীদের ম্যারাথন, দৌড়ালেন চার শতাধিক নারী
শেরপুরে নারীদের ম্যারাথন, দৌড়ালেন চার শতাধিক নারী। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোরের আলো ফোটার আগেই শেরপুর শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বয়সী নারী। কেউ এসেছেন প্রতিযোগিতার উত্তেজনা নিয়ে, কেউবা শুধু অংশ নেওয়ার আনন্দে। সকাল ছয়টায় বাঁশির শব্দে শুরু হয় ছয় কিলোমিটারের দৌড়। শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নারী এতে অংশ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) শেরপুরে  অনুষ্ঠিত হয়েছে নারীদের নিয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথনে অংশ নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনও।

মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হওয়া দৌড়টি শহরের অষ্টমীতলা মোড়, শেরীব্রীজ, সার্কিট হাউস, পুরাতন সোনারবাংলা ও কলেজ মোড় হয়ে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়। প্রায় ছয় কিলোমিটার পথজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ।

প্রতিযোগিতায় ছয় কিলোমিটার পথ ৩০ মিনিটে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন সদর উপজেলার কানাশাখোলা এলাকার মরিয়ম। ৩১ মিনিটে একই দূরত্ব পাড়ি দিয়ে দ্বিতীয় হন নন্দীর বাজার মাঝপাড়া গ্রামের ভাবনা।

প্রথম হয়ে মরিয়ম বলেন, শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে দৌড়েছেন তিনি। তবে এতজন নারীর সঙ্গে একসঙ্গে দৌড়ানোর সুযোগ পাওয়াটাই তাঁর কাছে বেশি আনন্দের। নিয়মিত অনুশীলন করলে নারীরাও খেলাধুলায় ভালো করতে পারবেন বলে মনে করেন তিনি।

দ্বিতীয় হওয়া ভাবনা বলেন, প্রথম হওয়ার চেষ্টা করেছিলেন। তবে দ্বিতীয় হলেও তিনি খুশি। তাঁর মতে, কে প্রথম বা দ্বিতীয় হয়েছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এত নারীর একসঙ্গে অংশগ্রহণ।

ম্যারাথনে অংশ নেওয়া নিশু বলেন, নারীদের জন্য এ ধরনের ক্রীড়া আয়োজন খুব বেশি দেখা যায় না। প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর নিজের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে অংশ নিতে চান তিনি।

আরেক অংশগ্রহণকারী মীম বলেন, বয়স বা পেশা কোনো বাধা নয়। ইচ্ছা থাকলে নারীরাও অনেক কিছু করতে পারেন। নিয়মিত এমন আয়োজন হলে নারীদের শরীরচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে।

নারী ম্যারাথনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্রীড়াচর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রথমবারের আয়োজনে নারীদের ব্যাপক অংশগ্রহণে তাঁরা আনন্দিত। সবার সহযোগিতায় সুন্দরভাবে ছয় কিলোমিটারের এ প্রতিযোগিতা শেষ করা সম্ভব হয়েছে।

আয়োজকেরা জানান, নারীদের খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমবারের আয়োজনে চার শতাধিক নারীর অংশগ্রহণ শেরপুরে নারীদের ক্রীড়াচর্চায় নতুন আগ্রহ তৈরির ইঙ্গিত দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!