ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রপ্তার ২
খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। অভিযানটি পরিচালনা করেন এসআরবি-৬-এর মেজর মো. নাজমুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান (৩৭), তার বাবার নাম কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), তার বাবার নাম জামাল ফারুক। তাদের উভয়ের বাড়ি কয়রা উপজেলায়।হাফিজুর রহমান কয়রা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম।
মেজর মো. নাজমুল ইসলাম বলেন জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহ করতেন। পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে জলদস্যুদের তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে জানিয়েছে এসআরবি-৬।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।