সহকর্মীর গুলিতে জম্মু-কাশ্মীরে সিআইএসএফের ৪ জন নিহত
পার্শ্ববর্তী দেশ ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলি এলাকার মাশকা গ্রামের সেবা পাওয়ার প্রকল্পে এ ঘটনা ঘটে। সেখানে মোতায়েন সিআইএসএফ ইউনিটের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির পর গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
.png)
নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।
সন্দেহভাজন হামলাকারী হিসেবে সিআইএসএফের হেড কনস্টেবল অবদেশ কুমার সিংয়ের নাম জানা গেছে। সূত্রের দাবি, তিনি ইউনিটের কার্যালয়ে ঢুকে নিজের ইস্যু করা রাইফেল দিয়ে গুলি চালান। সিআইএসএফ জানিয়েছে, ওই সময় তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল।
গুলিতে আহত চার সদস্যকে ভারতের হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে। পরে অবদেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে এবং এর পেছনে অন্যকোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।