ঈদের ব্যস্ততা কেমন?
তানজিম সাইয়ারা তটিনী: আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা মোটামুটি ভালোই যাচ্ছে। অনেকগুলো নাটকের কাজ হাতে নিয়েছি। সবগুলো নাটকের শুটিং এখনো শেষ হয়নি। আরো বেশ কিছু নাটকের শুটিং ঈদের আগেই শেষ করতে হবে। এই সময় সব শিল্পীই একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েন। ঈদের জন্য সবাই মানসম্মত কাজ করে। যাতে কাজগুলো ভালো হয়।
ঈদে কতগুলো নাটকে দেখা যাবে আপনাকে?
তানজিম সাইয়ারা তটিনী: ঈদের জন্য ১০-১২টা নাটকের কাজ অলরেডি শেষ করেছি। আরো ৬-৭টা নাটকের কাজ হাতে রয়েছে। এগুলোর শুটিং করছি। শুটিংয়ের জন্য ঢাকার বাইরে যেতে হচ্ছে। এই তো কিছুদিন আগে বাগেরহাট, সিলেট, নারায়ণগঞ্জে কাজ করে আসলাম। আউটডোরে কাজ করতে গেলে একটু বেশিই কষ্ট হয়। এর মধ্যে রোজার দিন। আসলেই পরিশ্রম ছাড়া তো সফলতা পাওয়া যায় না। সফল হতে হলে পরিশ্রম করতেই হবে।
আউটডোরে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?
তানজিম সাইয়ারা তটিনী: সাধারণত শুটিং ছাড়া আমাদের ওরকমভাবে কোনো জায়গায় যাওয়া হয় না। নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা হয়। অনেক অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়। আমার কাজ দেখে যারা আমাকে চিনেন তারা শুটিং সেটে চলে আসেন। তাদের ভালোবাসা অনেক সময় মুগ্ধ করে। শুটিংয়ের জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা বাগেরহাট।
.png)
স্বল্প সময়ের ক্যারিয়ারে আলোচনায়। বিষয়টি কতটা উপভোগ করেন?
তানজিম সাইয়ারা তটিনী: সত্যি কথা বলতে কী, আমি অনেক ভাগ্যবান। এই যে অল্প সময়েই আমার অবস্থান তৈরি করে নিতে পেরেছি এ নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, পরিবারের প্রতি কৃতজ্ঞতা। আর আমার এই অবস্থানের পেছনে দর্শকের অনেক ভূমিকা রয়েছে। দর্শক যদি আমার কাজ না দেখত বা না পছন্দ করত তাহলে আমি এতদূর আসতে পারতাম না।
আপনাকে বড় পর্দায় কবে দেখা যাবে?
তানজিম সাইয়ারা তটিনী: আমার কাছে বড় পর্দায় কাজ করাটা অনেক বড় স্বপ্নপূরণ। কিন্তু বড় পর্দার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। অভিনয়ের দক্ষতা আরো বাড়াতে হয়। সিনেমায় কাজ করতে হলে সব বিষয়েই অভিজ্ঞতা থাকতে হয়। তাহলেই ভালো একটি সিনেমা উপহার দেওয়া যায়। নামেমাত্র অনেকেই সিনেমা করে। এসব করে কোনো লাভ নেই। সিনেমার জন্য অনেক প্রস্তাব পাই। তবে সবগুলোই না করে দিয়েছি। কারণ আমার ইচ্ছা, ভালোভাবে প্রস্তুতি নিয়েই সিনেমা করার।
ভালো গল্প বাছাইয়ের ক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করেন?
তানজিম সাইয়ারা তটিনী: ভালো গল্প বাছাইয়ের জন্য আমি সব সময় স্ক্রিপ্টটা মন দিয়ে পড়ি। নাটকের স্ক্রিপ্ট পড়লে সব কিছু বোঝা যায়। যে গল্পটা আমাকে টানছে সেই কাজটাই করা হয়। কারণ, একটি ভালো কাজের পেছনে অভিনয়টা যেমন দরকার, তেমন ভালো গল্পেরও দরকার।
ওটিটিতে নিয়ে আপনার ভাবনা কেমন?
তানজিম সাইয়ারা তটিনী: এখন তো ওটিটিতে খুব ভালো কাজ হচ্ছে। আমারও কাজ করার আগ্রহ হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে আমিও কাজ করব। সবাই তো চায় ভালো কিছু করার।
ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী?
তানজিম সাইয়ারা তটিনী: আপাতত পড়াশোনা ও অভিনয় দুটোই চালিয়ে যেতে চাই। অভিনয়টা আরো ভালো করার চেষ্টা করব। ভালো গল্পনির্ভর কাজ করব। নিজের ক্যারিয়ারটা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাব। আর যেহেতু অভিনয়ের জগতে এসেছি। এমন কিছু কাজ করে যেতে চাই, যে কাজে দর্শক আমাকে সারা জীবন মনে রাখবে। সেই চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছি।