বদরুন্নেসার শিক্ষিকা রুমা সরকারের বিরুদ্ধে চার্জশিট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক, মিথ্যা ও গুজব ছড়ায় এমন ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।
সম্প্রতি ঢাকার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জয়দেব জয়ধর এ অভিযোগপত্র দেন। রোববার আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজামুদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৯ অক্টোবর ফেসবুক লাইভে এসে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে গুজব ও ভয়ভীতি ছড়ান রুমা সরকার। এরপর র্যাব তাকে গ্রেফতার করে।
এ সময় তার দুই মোবাইল ফোনে বিভ্রান্তি সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বানোয়াট, গুজব সৃষ্টিকারী উসকানিমূলক ভিডিওচিত্র পাওয়া যায়। ২১ অক্টোবর র্যাব-৩ এর নায়েব সুবেদার মো. মনির উদ্দিন রাজধানীর রমনা থানায় রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এ মামলায় গ্রেফতার দেখিয়ে ঐদিন তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে দুদিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৪ অক্টোবর রুমা সরকারকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।