ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাদি হত্যার আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
হাদি হত্যার আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি
ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে কোটি টাকা আত্মসাত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই ঘটনায় ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Advertisement

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের অভিযোগে বলা হয়, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাবের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে তার নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সবশেষে তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে একই ব্যাংকের বেনারশী-পল্লী উপশাখায় এফডিআর করা হয়।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ, ব্যাংক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আর তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা প্রয়োগ করা হবে।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!