রুমিনকে ‘লেডি মীর জাফর’ বলা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল
সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে মন্তব্য করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এ কারণে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে রুমিন ফারহানার করা অভিযোগের বিষয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
.png)
রুহুল কুদ্দুস কাজল জানান, অভিযোগ পাওয়ার পর তিনি নজরুল ইসলাম ছোটনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ছোটন তাকে জানিয়েছেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য এবং অতীতে ফ্যাসিবাদী আমলে তার অসহায়ত্ব তুলে ধরে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের প্রতিক্রিয়ায় তিনি রুমিনকে ‘লেডি মীর জাফর’ বলে মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি এটিকে ছোটনের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার হিসেবে দেখছেন। তার মতে, অভিযোগটি ডিএজির কোনো পেশাগত বা প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই ছোটনের দেওয়া ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট এবং এ ঘটনায় কার্যালয় বা সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য।
আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করেন।
আবেদনে আরও বলা হয়, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক। একই সঙ্গে এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্ব ক্ষুণ্ন করতে পারে বলেও দাবি করেন তিনি।
রুমিন ফারহানার ভাষ্য, অ্যাটর্নি জেনারেল কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ করেন রুমিন ফারহানা।