ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এস কে সুরের স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
এস কে সুরের স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত
ছবি: সংগৃহীত

সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

Advertisement

কারাদণ্ডের পাশাপাশি সুপর্ণা সুরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য জানাতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা সুর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণা সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!