আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ‘নট প্রেস রিজেক্ট’ হিসেবে রিটটি খারিজ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
.png)
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন রিটটি দায়ের করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী।
রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতেরও আবেদন জানানো হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
এতে দল ও সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়।