ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাগর-রুনি হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাগর-রুনি হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন
ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের পরিবারের সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়।

Advertisement

এর আগে গত ২৭ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পেছানো হয়। নতুন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। সাগর তখন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেও মামলার রহস্য উদঘাটন না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছে দেওয়া হয়।

তবে দীর্ঘ সময়েও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

পরে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে এই টাস্কফোর্সই সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল হাইকোর্ট তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!