ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন সচেতন গ্রাহক ফোরাম ও বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পৃথক কর্মসূচি পালন করছেন তারা।

Advertisement

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরাও কর্মসূচিতে বক্তব্য দেন।

অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সনদ যাচাইয়ের পর যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরিহীন অবস্থায় পরিবার নিয়ে মানবিক সংকটে রয়েছেন। বকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে—এটাই তাদের এক দফা দাবি।

এর আগে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রোববারের কর্মসূচিতেও তারা ব্যাংকটির ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এদিকে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যানও।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!