ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৫ এর ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক।
দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও জানা গেছে।
অভিযান পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।