ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৬
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম টিবিএসকে বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, 'তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।'

পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন সিএনজিচালিত অটোরিকশাচালক হতে পারেন। তবে তার পোশাক থেকেই এমন ধারণা করা হচ্ছে; এ পরিচয় এখনো নিশ্চিত নয়।

ওসি ফরিদুল ইসলাম বলেন, 'পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।'

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!