রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
.png)
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫ এবং উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে ১২ জনকে।
অভিযানকালে পুলিশ ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১টি ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করে। এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ জব্দ করা হয়েছে।
এ সময় ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলজাত অ্যালকোহল, একটি অটোরিকশা ও তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পাশাপাশি চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১ লাখ ৮ হাজার ২২০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।