ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ২৯ অক্টোবর ২০২৬
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে হাইকোর্টে রিট
সংগৃহীত ছবি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের আগে যথাসময়ে কনস্যুলার সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কথিত ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থমূলক রিট আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ জনস্বার্থে রিটটি দায়ের করেন।

রিটে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কথিত ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আবেদনে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এবং সংশ্লিষ্ট শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে।

রিট আবেদনে সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব পালনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশিত সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা পর্যালোচনার প্রয়োজনীয়তা তৈরি করেছে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুই বাংলাদেশির জন্য কী ধরনের কনস্যুলার ও আইনি সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কী তথ্য ও নথি ছিল, তা যাচাইয়ের আবেদন জানিয়েছেন রিটকারী।

রিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোর আদেশ চাওয়া হয়েছে।

প্রস্তাবিত নির্দেশনায় মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের মামলাগুলো জরুরি ভিত্তিতে পর্যালোচনা, আপিল ও ক্ষমার আবেদনের সময়সীমা শনাক্ত এবং প্রতিটি মামলার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি আইনসম্মত কনস্যুলার যোগাযোগ ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকা নথি এবং তাদের নেওয়া সহায়তামূলক পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিয়ে ১৪ দিনের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়, বিদেশে আটক বাংলাদেশিদের পরিবারের পক্ষে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আর্থিক অসচ্ছলতা, ভাষাগত প্রতিবন্ধকতা এবং বিদেশি বিচারব্যবস্থায় আইনি সহায়তা পাওয়ার জটিলতা এ সংকট আরও বাড়িয়ে দেয়।

এ কারণে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সক্রিয় ও সময়োপযোগী ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর সরকারের নেওয়া কূটনৈতিক পদক্ষেপের বিষয়টি স্বীকার করলেও সংশ্লিষ্ট দুই বাংলাদেশি মৃত্যুদণ্ড কার্যকরের আগে যথাসময়ে প্রয়োজনীয় সহায়তা পেয়েছিলেন কি না, তা সরকারি নথির ভিত্তিতে পর্যালোচনার আবেদন জানিয়েছেন রিটকারী।

একই সঙ্গে সংবাদ প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিদের পরিচয়, সংশ্লিষ্ট মামলার তথ্য এবং তাদের জন্য দেওয়া কনস্যুলার সহায়তার বিস্তারিত সরকারি নথির মাধ্যমে যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!