ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

বিচারব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ২৯ অক্টোবর ২০২৬
বিচারব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় নিতে চাই: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় নিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ তৈরি হচ্ছে। এ চাপ কমাতে সরকার কাজ করছে।

বিচারকদের দায়িত্ব পালনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কোনো জায়গায় বিচারকদের বিরুদ্ধে দুই থেকে তিন ঘণ্টা আদালতের কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। কেউ কেউ বেলা ১১টার দিকে আদালতে এসে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। এমন দায়িত্বে অবহেলার ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল খাত বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিচার বিভাগকে প্রযুক্তিগতভাবে আরও দক্ষ হতে হবে।

তিনি বলেন, তরুণ বিচারকেরা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। তাঁরা এ চ্যালেঞ্জ গ্রহণ করে বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

আইনমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে এবং এর সুফল জনগণ পেতে শুরু করেছে। ডিজিটাল মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা নিশ্চিত করার বিষয়েও কাজ করার চিন্তাভাবনা চলছে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হয়েছে। নির্ধারিত তারিখে আসামিরা কারাগারে অবস্থান করলেও সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে তাঁদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। পরে আদালত ডিজিটাল পদ্ধতিতে তাঁদের হাজিরা নিশ্চিত করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!