ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় সৌদির সহায়তা চাইলেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২, ১৫ ডিসেম্বর ২০২০
রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় সৌদির সহায়তা চাইলেন রাষ্ট্রদূত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সহায়তা চেয়েছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ ফান্ডের কাছে এই সহায়তা আবেদন করা হয়।

সম্প্রতি রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়ার সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান রাষ্ট্রদূত। সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Advertisement

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য এ পর্যন্ত মাত্র ১২ লাখ ডলার সংগৃহীত হয়েছে যার মধ্যে বাংলাদেশ ৫ লাখ ডলার দিয়েছে। মামলা পরিচালনায় আগামী কয়েক বছরে প্রায় এক কোটি ২০ লাখ ডলার প্রয়োজন হবে জানিয়ে রাষ্ট্রদূত কেএস রিলিফ ফান্ডকে উল্লেখযোগ্য অংশ প্রদান করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেএস রিলিফ ফান্ডের অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ২০১৯ সালে নিউ ইয়র্কে সম্মেলন করার জন্যও ধন্যবাদ জানান। এ সময় রোহিঙ্গাদের ভাসানচরে নিরাপদ ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত স্থানে স্থানান্তর করা হয়েছে জানিয়ে রিলিফ ফান্ডের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহবান জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ অথবা বিভিন্ন সরকারী হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাহায্য করার জন্য কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়াকে অনুরোধ জানান।

বাংলাদেশে শিশু ও প্রাপ্তবয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যারা কে এস রিলিফ ফান্ডের প্রকল্প সহায়তার জন্য আবেদন করেছে তাদের সহায়তার জন্য রাষ্ট্রদূত অনুরোধ জানান।  

বৈঠকে দূতাবাসের পক্ষে মিশন উপপ্রধান এস এম আনিসুল হক ও কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!