সাধারণ মানুষকে প্রাধান্য দেওয়া হবে: মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে এই শহরকে পরিচালনা করব। বিগত দিনে আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। আগামী ৫ বছর একইভাবে কাজ করব।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের মানুষ আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছেন আর যারা দেননি তাদের সবার জন্য কাজ করব।
রোববার দুপুরে তৃতীয় মেয়াদে মেয়রের চেয়ারে বসে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে তিনি নগরের দেওভোগের বাসা থেকে বের হয়ে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগর ভবনে পৌঁছালে তাকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।
মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, এবারো অতীতের মতো সব কিছুর ঊর্ধ্বে উঠে এই সিটি কর্পোরেশনের জন্য আমি কাজ করব। আমি আমার পরিষদকে আহ্বান জানায়, আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখানে কোনো ধরনের দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবে না। আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেভাবেই এখানে কাজ করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন।