তীব্র গরমের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সারাদেশে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। রাতেই ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে এ ঝড় বয়ে যেতে পারে।
বুধবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নৌ-বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা বাড়ার আর কোনো আশঙ্কা নেই। বরং চট্টগ্রাম বিভাগে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বিরাজ করছে। বিশেষ করে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, দিনাজপুর, যশোরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এছাড়া দেশের অন্যান্য জেলায়ও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।