ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাইবার অপরাধে আইনের আশ্রয় নেন না ৮৮ শতাংশ ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৯ জুন ২০২৪
সাইবার অপরাধে আইনের আশ্রয় নেন না ৮৮ শতাংশ ভুক্তভোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে সাইবার অপরাধ বাড়লেও এমনকি শিক্ষিত মানুষের আইনের আশ্রয় নেয়ার প্রবণতা কমেছে। এক পরিসংখ্যানে উঠে এসেছে, আক্রান্ত ৮৮ শতাংশ ভুক্তভোগীই আইনের আশ্রয় নেন না।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) চালানো জরিপের ভিত্তিতে শনিবার ‘বাংলাদেশে সাইবার অপরাধপ্রবণতা ২০২৪’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধের শিকার মাত্র ১২ শতাংশ ভুক্তভোগী আইনগত পদক্ষেপ নেন। বাকি ৮৮ শতাংশ ভুক্তভোগী আক্রান্ত হয়েও তা লুকিয়ে রাখেন। এ ছাড়া যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন, এদের ৮৭ দশমিক ৫০ শতাংশই কোনো সুফল পাননি।

Advertisement

এ প্রতিবেদন তৈরি করতে সিক্যাফ সাইবার অপরাধের শিকার ১৩২ জন ভুক্তভোগীর স্বপ্রণোদিত তথ্য বিশ্লেষণ করেছে। সংগঠনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও ন্যায়বিচার নিশ্চিতে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সিক্যাফের গবেষণা দলের প্রধান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক ওবায়দুল্লাহ আল মারজুক। 

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৭৮ দশমিক ৭৮ শতাংশ সাইবার অপরাধের শিকার হয়েছেন ১৮ থেকে ৩০ বছর বয়সীরা। আর ১৮ বছরের কম অর্থাৎ শিশুদের আক্রান্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। বাকি ৭ শতাংশ ভুক্তভোগী ৩১ বছর ও তার চেয়ে বেশি বয়সের। আক্রান্তদের ৫৯ শতাংশই নারী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাইবার অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিংয়ে আক্রান্ত ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ হ্যাকিংয়ের শিকার হয়েছেন ২১ দশমিক ৬৫ শতাংশ। পর্নোগ্রাফি অপরাধ প্রবণতাও আশঙ্কাজনক। এ ধরনের অপরাধে আক্রান্ত হয়েছেন ১১ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে প্রতিবেদনের সুপারিশের অংশে বলা হয়েছে, প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানো এবং উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া দরকার। উৎকর্ষতা অর্জনে পারস্পরিক সহযোগিতা করতে হবে। আমদানিনির্ভর হওয়ার পরিবর্তে সাইবার সুরক্ষায় ব্যবহৃত সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরিতে মনোযোগী হতে হবে।

সেমিনারে প্রতিবেদন প্রকাশের পর জরিপের তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিক্যাফ উপদেষ্টা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুন আশরাফী। সিক্যাফ সহ-সভাপতি এস এম ইমদাদুল হক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আব্দুল মুনয়েম সৈকত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!