ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়: সারজিস ও হাসনাত

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ০৩:৫৫, ২১ আগস্ট ২০২৪
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়: সারজিস ও হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ- ফাইল ফটো

স্থগিত থাকা এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন তারা। 

সারজিস আলম বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়। রূপ বদলিয়ে বিভিন্ন গোষ্ঠী অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাদের আন্দোলনের পথ সঠিক নয়। ছাত্র–জনতা আন্দোলন করেছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর। 

Advertisement

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে একটি অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করেছেন। সচিবালয়ে শিক্ষাসচিব থেকে শুরু করে আমাদের সবাইকে অবরুদ্ধ করে ফেলে। পরে সচিব শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। 

তিনি বলেন, পরীক্ষা বাতিল করার বিষয়কে আমরা কখনোই সমর্থন করি না। কারণ পরীক্ষা ছাড়া একটা শিক্ষার্থীকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষা হচ্ছে একটি শিক্ষার্থীর মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। সুতরাং আমরা চাইবো আর কখনোই এ ধরনের ডিসিশন চাপে পড়েই হোক বা যেকোনো কারণেই হোক পুনরাবৃত্তি না ঘটে। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৬ বছর স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা এমন অনেকে শাহবাগে বসছেন, প্রেসক্লাবে নেমে পড়ছেন, সচিবালয় ঘেরাও করছেন। আমরা এগুলো সন্দেহের চোখে দেখছি। সরকারকে সময় দিতে হবে। দাবি ন্যায্য হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে তা মেনে নেয়ার জন্য চাপ দেবে।

রাষ্ট্রের যে কাজ রয়েছে সেগুলোকে যারা বিতর্কিত করতে চায় তাদের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এ সমন্বয়ক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!