দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: কৃষি উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। কোনো দুর্নীতিবাজের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কৃষকেরা দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগী ও অসাধু শ্রেণির জন্য কৃষক দাম পায় না। ছাত্র-জনতার আন্দোলন শুধু কোটাবিরোধী আন্দোলন নয়, এটা দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন।
তিনি বলেন, উৎপাদন বাড়াতে গুণগত বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের কাছে যায়, সেগুলো যেন গুণগত মানসম্পন্ন হয়। বীজের মান ভালো না হলে ফসল ভালো হবে না।
সার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সারের কোনো সমস্যা নেই, কিন্তু কৃষকের কাছে সারটা যেন সময়মতো পৌঁছে এটা নিশ্চিত করতে হবে, সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে।
উপদেষ্টা কৃষিখাত নিয়ে দফতর প্রধানদের কাজের প্রশংসা করে বলেন, দেশে যদি কোন বিপ্লব করে থাকে, কৃষি মন্ত্রণালয় করেছে। সাড়ে সাত কোটি লোকের খাদ্য যে জমি দিয়ে উৎপাদন হতো, সে জমির পরিমাণ কমে গেলেও সাড়ে সতেরো কোটি লোকের খাদ্য উৎপাদন হচ্ছে। এ কৃতিত্ব কৃষি সংশ্লিষ্ট সবার।
মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ও দফতর ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।