৪৩তম বিসিএসের নিয়োগ নিয়ে সুখবর
পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর ৪৩তম বিসিএসের নিয়োগ নিয়ে আসছে সুখবর। প্রজ্ঞাপন চলতি সপ্তাহে জারি হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ সংক্রান্ত সব কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। পিএসসির সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব রহিমা আক্তার বলেন, আমরা প্রার্থীদের উদ্বেগ-উৎকণ্ঠা বুঝতে পারছি। শিগগিরই ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন হবে। আমাদের কাজ শেষ। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই হবে।
গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন।
.png)
২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।
এর আগে, ২০২২ সালের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বিভিন্ন ক্যাডারের ২ হাজার ২১৮টি শূন্যপদ পূরণে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ঐ বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।