ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজ নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ২৮ নভেম্বর ২০২৪
হজ নিবন্ধনের সময় বাড়ল
কাবা শরীফ তাওয়াফ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা- সংগৃহীত ছবি

পবিত্র হজ নিবন্ধনের সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। এতে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।  এ সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

এদিকে, আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু এখনো কোটার বড় অংশ খালি রয়ে গেছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একইসঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৫ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ১৭ হাজার জন হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় হজের প্রাথমিক নিবন্ধন। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৪০ হাজারের মতো হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!