শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে কোনো স্কুল, মসজিদ, মাদরাসা, মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে সরকারি অর্থের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
.png)
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অতীতে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে, তার পুনরাবৃত্তি যেন না হয়। সরকারি টাকা কারও ব্যক্তিগত পকেটে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কেউ দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাৎ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে জেলে যেতে হবে।
দুলু আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ২৬৭ জন রোগীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি জেলার ১৯৪টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজের অনুদানের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।