ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

জাতিসংঘে নতুন দায়িত্ব, নিউ ইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ৩১ আগস্ট ২০২৬
জাতিসংঘে নতুন দায়িত্ব, নিউ ইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে তার রওনা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রায় দুই মাসের এই দায়িত্ব পালনের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত কাজের বাইরে অন্যান্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

ইউএনজিএর ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।

ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের একটি অধিবেশনের সভাপতির দায়িত্ব বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!