ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়: হুমায়ুন কবির
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখনো সফরের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন বলে জানান হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না। জাতীয় ইন্টারেস্টের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।’

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!