ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন মাহবুব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ৮ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন মাহবুব
এ. এম. মাহবুব উদ্দিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

Advertisement

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী ২৪৪ বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন এ. এম. মাহবুব উদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন—গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

এদিকে ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

অন্যদিকে নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!