অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে ছয় সাংবাদিককে ‘ওকাপ মিডিয়া ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।
ফেলোশিপের জন্য নির্বাচিত সাংবাদিকরা হলেন—বাংলা ট্রিবিউনের সাদিফ অভি, বাংলা অ্যাফেয়ার্স ও প্রেসেঞ্জারের রীতা ভৌমিক, নিউ এইজের রাশেদ আহমেদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কামরান সিদ্দিকী, এখন টেলিভিশনের কামরুল হাসান জনি এবং চ্যানেল ২৪-এর সম্রাট হোসেন।
.png)
সোমবার (৭ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে নির্বাচিত সাংবাদিকদের অভিনন্দন জানায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। একই সঙ্গে পৃথক চিঠিতে তাদের ফেলোশিপের জন্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ওকাপ জানিয়েছে, জুরি বোর্ডের মূল্যায়ন ও প্রাপ্ত স্কোরের ভিত্তিতে অভিবাসন এবং অভিবাসী শ্রমিকদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ছয় সাংবাদিককে বাছাই করা হয়েছে।
ফেলোশিপের জন্য গঠিত তিন সদস্যের জুরি বোর্ডে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম এবং দ্য নিউ এইজের বিশেষ সংবাদদাতা পরিমল পালমা।
অভিবাসন খাতের নানা সমস্যা, অনিয়ম ও সম্ভাবনা এবং বিদেশগামী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এই ফেলোশিপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওকাপ।