গত পাঁচ বছরে দেশের সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। বর্তমানে দেশের প্রায় ২২ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় চার কোটি নাগরিক এখনো নিরক্ষর। তাদের অনেকেই পড়তে ও লিখতে পারেন না। এ পরিস্থিতিতে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
.png)
ববি হাজ্জাজ বলেন, যারা এখনো শিক্ষার বাইরে রয়েছেন, তাদেরও সাক্ষরতার আওতায় আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে এসব সুবিধা আরও বাড়ানো হবে। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।