বাংলাদেশ-তুরস্ক অংশীদারিত্ব জোরদারে আলোচনা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
.png)
বৈঠকে উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলন নিয়েও আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়টি বৈঠকে উঠে আসে।
হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে’ তুরস্ককে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।