ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বোয়িংয়ের সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থেই: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থেই: মাহদী আমিন
সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটের দিকে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে। তার ভাষ্য, দ্বিপক্ষীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

Advertisement

মাহদী আমিন বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের বক্তব্য ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

এর আগে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে মাহদী আমিন জানিয়েছিলেন, চার দিনের কর্মসূচিতে ৩০টি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘকেন্দ্রিক আটটি কর্মসূচি এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ছিল। এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেন, নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তার মতে, এটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি দিক।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী বিশ্বদরবারে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণসহ বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমানও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!