মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সাংস্কৃতিক মেলা ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ইনট্যাক-২০২৬)’-এ অংশ নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান এম ৩৬০ আইসিটি।
শুক্রবার (২ অক্টোবর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের দুটি বুথ রয়েছে। এসব বুথে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় গন্তব্য এবং পর্যটন খাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে।
.png)
বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও সহপাঠীদের নিয়ে বাংলাদেশি বুথ পরিদর্শন করছেন।

মেলার প্রথম দিন বিকেল ৩টায় ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিও প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির নানা দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দলের পরিবেশনা দর্শকদের প্রশংসা পায়।
এদিকে মেলার প্রথম দিন বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশসহ বিভিন্ন দেশের বুথ পরিদর্শন করেন। তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতি এবং এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি ডেপুটি ডাইরেক্টর জেনারেল (সচিবালয় প্রধান) একবাল সেতিয়াসহ আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় বাংলাদেশের অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ইনট্যাক-২০২৬-এ বাংলাদেশসহ ২৫টি দেশের অংশগ্রহণে মোট ১৫৫টি বুথ রয়েছে। মেলার মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও প্রযুক্তিনির্ভর সেবা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।