ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তরুণদের মাদক থেকে ফেরাতে সামাজিক উদ্যোগের আহ্বান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ৫ অক্টোবর ২০২৬
তরুণদের মাদক থেকে ফেরাতে সামাজিক উদ্যোগের আহ্বান
ছবি: সংগৃহীত

শিশু-কিশোর ও তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বলেন, মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের প্রথম শিক্ষক হিসেবে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

Advertisement

রোববার (৪ অক্টোবর) রাতে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাচিং প্রু বলেন, শিশু, কিশোর ও তরুণরাই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় পরিবার থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পরিবার ও সমাজে মায়েদের যথাযথ সম্মান দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় তিনি নানা ধরনের খারাপ নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পেরেছেন। কিন্তু বর্তমানে তরুণ ও যুব সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা উদ্বেগের বিষয়।

কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্তবর্তী কিছু এলাকার তরুণদের মাদকাসক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাদের এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ প্রয়োজন। মাদকের অপব্যবহার বন্ধে বিভিন্ন এলাকায় নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে সাচিং প্রু বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে মাদকের ক্ষতিকর দিক নিয়ে ব্যাপক প্রচার চালানো দরকার। ইতোমধ্যে যারা মাদকে আসক্ত হয়েছেন, সামাজিক প্রতিরোধ ও সহযোগিতার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

জাপানের শিশুদের শৃঙ্খলাবোধের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিশুদেরও ভালো কিছু শেখা ও জানার মানসিকতা তৈরি করতে হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সরকারের বিভিন্ন ক্রীড়া আয়োজনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহসভাপতি হাজী লায়ন এ সরকার বাবু।

শিশু কল্যাণে এ ধরনের গঠনমূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের উৎসাহিত করেন মন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!