ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

শিক্ষার্থীদের সুস্থ রাখতে পাঠ্যক্রমে খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ১০ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের সুস্থ রাখতে পাঠ্যক্রমে খেলাধুলা
সংগৃহীত ছবি

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতেও এ বই চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন বইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগের কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতোমধ্যে ডিও লেটার দিয়েছেন। শিক্ষকদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি তারা চান না। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!