বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, উপকূলে সতর্কতার পরামর্শ
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। বুধবার (২৮ অক্টোবর) নাগাদ এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব বিবেচনায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।