ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

১৪ প্রকল্প নিয়ে আজ বসছে একনেক, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ২৫ নভেম্বর ২০২৬
১৪ প্রকল্প নিয়ে আজ বসছে একনেক, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের দুটি বড় প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে। ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে প্রকল্প দুটি নেওয়া হচ্ছে।

নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প আজকের একনেক সভায় উপস্থাপনের কথা রয়েছে।

প্রকল্প দুটির আওতায় নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট ২ হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প দুটির মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা। এডিবি থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে। বাকি ১ হাজার ১৮৩ কোটি টাকা দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা। এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ২০৭ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্প দুটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৯ হাজার ৭৬০ এমভিএ। বর্তমানে চলমান প্রকল্পসহ মোট সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২ হাজার ৮৩০ এমভিএ।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি ২ হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবিলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প দুটিতে শুধু উপকেন্দ্র নির্মাণ নয়, বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়নেও বড় ধরনের অবকাঠামোগত কাজ করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি এবং ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন করা হবে। এ ছাড়া ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা স্থাপন করা হবে। ফল্ট লোকেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগও নেওয়া হবে।

প্রকল্প দুটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমানোর লক্ষ্য রয়েছে। ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে ৮ দশমিক ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, একনেকের আজকের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন বিভাগের প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!