ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প, উৎপাদন সক্ষমতার ৩৪ শতাংশ অব্যবহৃত
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, ঋণের উচ্চ সুদহার এবং কাঁচামালের মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্প। এসব কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার এক-তৃতীয়াংশের বেশি অব্যবহৃত থাকছে। কমছে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। একই সময়ে উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার নেমে এসেছে ৬৬ শতাংশে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনকক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়।
জরিপে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইস্পাত, চামড়া ও খাদ্য প্রক্রিয়াকরণসহ ১৪টি প্রধান শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব কারখানা দেশের মাঝারি ও বৃহৎ শিল্প উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
জরিপ অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অটোমোবাইল শিল্পে ২২ শতাংশ, পাটশিল্পে ১৩ শতাংশ এবং তৈরি পোশাক খাতে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, বস্ত্র খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে ১২ শতাংশ এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ৯ শতাংশ।
উৎপাদন সক্ষমতা ব্যবহারের হারও কমেছে। বস্ত্র খাতে এ হার ২০২৫ সালের ৭৩ শতাংশ থেকে নেমে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্ধেকেরও কম সক্ষমতা ব্যবহার করছে—এমন কারখানার সংখ্যা ১৯টি থেকে বেড়ে ২৮টিতে পৌঁছেছে।
জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ কারখানা জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান তিনটি প্রতিবন্ধকতার একটি হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৭৯ শতাংশ কারখানার কাছে জ্বালানি সংকটই সবচেয়ে বড় সমস্যা।
জরিপের তথ্য বলছে, ২০২৫ সালে কারখানাগুলোতে দৈনিক গড়ে দুই ঘণ্টা গ্রিড বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতো। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে। অন্যদিকে, পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতির পাশাপাশি এসব সেবার মান নিয়েও উদ্যোক্তাদের সন্তুষ্টি কমেছে। গ্রিড বিদ্যুতের মানে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ১৭ শতাংশ।
জ্বালানির ঘাটতি সামাল দিতে বিকল্প উৎসের ব্যবহার বাড়ানোয় ব্যয়ও বেড়েছে। এলপিজিতে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানিতে ১৫ শতাংশ এবং গ্রিড বিদ্যুতে ৮ শতাংশ। এতে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৩১৬ লাখ টাকা থেকে বেড়ে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
জরিপে দেখা গেছে, মাঝারি ও বৃহৎ শিল্পের মোট কাঁচামাল ব্যয়ের ৭৭ শতাংশই আমদানিনির্ভর। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কারখানাপ্রতি কাঁচামাল ব্যয় ৮৫ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। ৯৪ শতাংশ কারখানার ভাষ্য, কাঁচামালের দাম গড়ে ১২ শতাংশ বেড়েছে।
এদিকে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ। কারখানাপ্রতি এ ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকায়। তবে বন্দর ও কাস্টমসের কার্যক্রমে কিছুটা গতি আসায় আমদানি করা কাঁচামাল খালাসের গড় সময় ১২ দশমিক ৪ দিন থেকে কমে ১০ দশমিক ৯ দিনে নেমেছে।
ব্যয় বৃদ্ধি ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগেও বড় ধরনের ধস নেমেছে। ২০২৫ সালে কারখানাপ্রতি গড়ে প্রতি প্রান্তিকে মূলধনি যন্ত্রপাতি কেনায় ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ওষুধ ও রসায়ন খাত ছাড়া প্রায় সব খাতেই যন্ত্রপাতি কেনা কমেছে।
এর প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মসংস্থান ১ শতাংশ কমেছে। কর্মীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে নেমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে।
এসব কারখানায় শ্রমিকদের গড় মাসিক মজুরি ২১ হাজার ২৬৩ টাকা। পুরুষ শ্রমিকদের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা এবং নারী শ্রমিকদের ১৮ হাজার ৮২০ টাকা।
উদ্যোক্তাদের ব্যবসায়িক মনোভাবের সূচকেও নেতিবাচক চিত্র উঠে এসেছে। শূন্য থেকে ১০০-এর স্কেলে তৈরি এ সূচকে ৫০-কে অপরিবর্তিত পরিস্থিতির নির্দেশক ধরা হয়। দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন, মুনাফা, চাহিদা, প্রবৃদ্ধি ও সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতির সূচক ছিল ৩৬ থেকে ৪৩-এর মধ্যে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল মুনাফা সূচক, যার মান ৩৬। জরিপে অংশ নেওয়া প্রায় ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে।
জ্বালানি সংকটের পর ঋণের উচ্চ সুদহার, অর্থায়ন ব্যয় এবং কাঁচামাল সংগ্রহের সমস্যাকেও ব্যবসার বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে কারখানাগুলো। এসব সমস্যার প্রতিটি ৩৭ শতাংশ কারখানা উল্লেখ করেছে। তবে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন সূচক বেড়ে ৫৪-তে উন্নীত হতে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানও পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এরপরও সরকার কর্মসংস্থান ও উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরসহ অন্যরা বক্তব্য দেন।