দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
দেশে ডেঙ্গুতে একদিনে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৪ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরিশাল বিভাগের বাসিন্দা।
.png)
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ৪২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রাজশাহী ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬৮ জন। এছাড়া মারা গেছেন ৫৭০ জন।
২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছেন। ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ২৮১ জন মারা যান।
২০২১ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ঐ বছর ১০৫ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঐ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।