ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ভূমিকম্পে নাতিকে বুকে আগলে রাখলেন দাদি, ভিডিও ভাইরাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ৯ জুন ২০২৬
ভূমিকম্পে নাতিকে বুকে আগলে রাখলেন দাদি, ভিডিও ভাইরাল
ভূমিকম্প শুরু হলে শিশুটিকে রক্ষায় দৌড়ে আসেন তার দাদি। ছবি: ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সময় এক বৃদ্ধার অসাধারণ সাহসিকতা ও ভালোবাসার দৃশ্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে চারপাশ যখন কাঁপছে, তখন এক বৃদ্ধা মুহূর্তের মধ্যে তার নাতিকে বুকে জড়িয়ে ধরে নিরাপদে রাখার চেষ্টা করেন। নিজের নিরাপত্তার কথা না ভেবে শিশুটিকে আগলে রাখার এই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে লাখো মানুষের।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তাকে ‘সুপারহিরো দাদি’ বলে আখ্যা দিচ্ছেন। বিপদের মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে রক্ষা করার এই দৃশ্যকে অনেকে নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার সবচেয়ে শক্তিশালী উদাহরণ হিসেবে বর্ণনা করছেন।

Advertisement

ভূমিকম্পের সময় ওই বৃদ্ধার চেহারায় আতঙ্ক থাকলেও, তার শরীরের ভাষা বলে দেয়— তার একমাত্র অগ্রাধিকার ছিল নাতির জীবন রক্ষা করা। মুহূর্তের মধ্যেই তিনি শিশুটিকে বুকের ভেতর ঢেকে ফেলেন, যেন নিজের শরীরকেই ঢাল বানিয়ে ফেলেছেন ভয়াবহ দুর্যোগের বিরুদ্ধে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কী ভয়াবহ ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদ আছেন।’

আরেকজন মন্তব্য করেন, ‘নিজে এমন পরিস্থিতির মুখোমুখি না হলে বোঝা যায় না, তিনি কী করেছেন। এটা বোকামি নয়, এটা ছিল মুহূর্তের সেরা সিদ্ধান্ত।’

আরও একজন লিখেছেন, ‘এই ভিডিওটা সরাসরি দেখলে বোঝা যায় ৭.৮ মাত্রার ভূমিকম্প কতটা ভয়াবহ। এমন মুহূর্তে তার প্রতিক্রিয়া সত্যিই শ্রদ্ধার যোগ্য।’

সোমবার (৮ জুন) স্থানীয় সময় ভোরে ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তীব্র কম্পন অনুভূত হয় পুরো মিন্দানাও অঞ্চলজুড়ে। শুধু তাই নয়, প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!