ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মতামত ]

ঘরের একটা পুরনো সিন্দুক 

আনজুম রুহী
প্রকাশিত: ১১:৩০, ১৪ মে ২০২৩
ঘরের একটা পুরনো সিন্দুক 
প্রতীকী ছবি

আজ ‘বিশ্ব মা দিবস’, মায়ের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রের এক মা ‘আনা মারিয়া রিভস জার্ভিস’ তার সানডে স্কুলে প্রথম এই দিনটিতে ‘মা দিবস’ পালন করেন। তারপর ১৯১৪ সালের ৮ই মে, ‘মার্কিন কংগ্রেস’ ‘মে’ মাসের দ্বিতীয় রোববারকে ‘বিশ্ব মা দিবস’ ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় সব দেশে, মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়।

আমার মা বেঁচে থাকতে মা’কে যখন বলতাম, “মা, আজ ‘বিশ্ব মা দিবস’।” 

মা হেসে বলতেন, “মায়ের আবার দিবস আছে নাকি, প্রতিদিনই তো আমি আছিই...!”

Advertisement

আজ আমার সন্তানেরা আমাকে উইশ করে বলে, “মা, শুভ মা দিবস!”

আমিও আমার মায়ের মতো হেসে বলি, “মায়ের আবার দিবস আছে নাকি, প্রতিদিনই তো আমি আছি!”

যাদের ঘরে মা আছে, তাদের ঘরে যেন একটা পুরনো সিন্দুক আছে। 

সিন্দুকে যেমন পুরনো জিনিস তুলে রাখা যায়, তেমনি মা নামের সিন্দুকেও নিজের সুখ-দুঃখ তুলে রাখা যায়!

আমার মতো মা নেই যার, তার ঘরে সুখ-দুঃখ তুলে রাখার জন্য পুরনো সিন্দুকটাও নেই। তবে, এখন আমিও আস্তে আস্তে সেই পুরনো সিন্দুকের জায়গাটা দখল করছি! আমার ছেলে-মেয়েরা তাদের সুখ-দুঃখ ‘মা’ নামের সিন্দুকে তোলে রাখছে!

অনেকেই বলে, “আপনি খুব ভালো একজন মা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।”

তবে আমি বলি, “একজন মা তখনই একজন ভালো মা হতে পারে, যখন তার সন্তানেরা ভালো সন্তান হয়। সন্তান ভালো না হলে, ভালো মা হওয়া যায় না!”

!“আমি আমার সন্তানদের প্রতি কৃতজ্ঞ, তাদের জন্য মানুষ আমাকে ভালো ‘মা’ বলে।”

নিঃসন্তান যারা, তারা হয়তো আজকের দিনটার জন্য কষ্ট পাচ্ছেন। ভাবছেন, “আমার সন্তান থাকলে তো আমাকেও ‘মা দিবসের’ শুভেচ্ছা জানাতো।”

যেদিন আপনি এ ধরায় জন্ম নিয়েছেন, সেদিনই তো আপনি ‘মা’ হয়ে গেছেন! আমার মেয়ের জন্মের পর আমার মা, মেয়েকে আমার সামনে এনে বলেন, “তোমার নতুন মাকে দেখো!”

প্রসব যন্ত্রণা ভুলে আমি অপার বিস্ময়ে আমার ভেঁজা চোখে মেয়ের দিকে তাকালাম! তাহলে কি আমি জন্ম নেয়ার পর আমার মাও তার নতুন মায়ের দিকে অপার বিস্ময়ে তাকিয়েছিলেন!”

আমরা সন্তান জন্ম দিয়ে মা হয়েছি, যারা সন্তান জন্ম দিয়ে মা হতে পারেননি, তারা তো পুরো পৃথিবীর সন্তানদেরকে মায়ের ভালবাসা ছড়িয়ে দিচ্ছেন।

গর্ভে সন্তান ধারণ করলেই মা হওয়া যায় না, চারিদিকে মায়ের ভালোবাসা আর মায়ের ‘মা’ গন্ধ ছড়িয়েও ‘মা’ হওয়া যায়!

আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, কষ্ট করে তিনি আমাকে জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন।

মনীষী ‘আব্রাহাম লিংকন’ এর মতো আমিও বলি, “আজ এই পৃথিবীতে যা কিছু, সব কিছুর অবদান আমার মায়ের। আমরা আমাদের মায়ের ঋণ শোধ করতে পারবো না, মায়েদের ঋণ কখনো শোধ করা যায়ও না।

আজ আমি এই সুন্দর পৃথিবীর আলো যার জন্য দেখছি, তিনি আমার স্নেহময়ী ‘মা’

পৃথিবীর সকল মায়ের প্রতি বিশ্ব ‘মা দিবস’ এর শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।

ভালো থাকুক মায়েরা, ভালো থাকুক মায়েদের সন্তানেরা।

আমার এই লেখা আমার মা সহ, পৃথিবীর সকল মাকে উৎসর্গ করলাম....

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!