ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

নিশ্চিত দোয়া কবুলের সেরা ৮ সময়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ২০ মার্চ ২০২২
নিশ্চিত দোয়া কবুলের সেরা ৮ সময়
নিশ্চিত দোয়া কবুলের সেরা ৮ সময়। ছবি: সংগৃহীত

সৎ চরিত্রবান ও মুমিন মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দাকে নানান বিপদ-আপদ থেকে রক্ষা করেন। তিনি বান্দার দোয়াকে স্বাগত জানান। 

ইসলামের পরিভাষায় দোয়া শব্দটির আক্ষরিক অর্থ ‘আহবান’ বা ‘ডাকা’। যা ইসলামে একটি বিশুদ্ধ প্রার্থনার প্রক্রিয়া। দৃঢ় মনে ও প্রশান্তচিত্তে দোয়া করতে হয়। হাদিস শরিফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর রাসুল (সা.) দোয়ায় নিমগ্ন হতেন।

আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায়। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধাণ করে দেন। যে কোনো সময় আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন। তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে, যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Advertisement

রমজান ও শবে কদরের রাত 
পবিত্র রমজান মাস অতি বরকতময়। রহমত, নাজাত ও মাগফিরাতের মাস। রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়। এছাড়াও আছে হাজার রাতের চেয়ে উত্তম মহিমান্বিত কদর। বরকতময় এ রাতে ফেরেশতারা বান্দার দোয়া আল্লাহর দরবারে নিয়ে যান। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের (জীবনের) সব গোনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৩৭২)

সিজদার সময় দোয়া
সিজদা আল্লাহর কাছে প্রিয় আমল। সিজদা বান্দাকে আল্লার একবারে কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম, হাদিস : ৪৮২)

শেষ রাতে দোয়া করলে কবুল হয় 
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে (যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে) দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, ‘আছ কি কোনো আহ্বানকারী? আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী কি আছো, আমি তোমাকে যা চাও তা দেব? কেউ কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম, হাদিস : ৭৫৮)

আজানের সময় দোয়া 
মুসলমানদের প্রধানতম সংস্কৃতি আজান। আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় সবখানে। আজানের সময় দোয়া কবুল হয়। রাসুল (সা.) বলেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয় আসমানের দোয়ার খুলে যায় ও দোয়া কবুল হয়’ (মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস : ১৮৮৪)

আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া 
হাদিসে এসেছে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।’ (তিরমিজি, হাদিস : ২১২)

জুমার দিনের দোয়া 
শুক্রবার সপ্তাহের সেরা দিন। অন্য দিনের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ। জুমার দিন একটি সময় আছে, যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আছরের পর অনুসন্ধান কোরো। ’ (আবু দাউদ, হাদিস নম্বর : ১০৪৮)

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান কোরো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

আবু দারদা ইবনে আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টিই সেই বিশেষ মুহূর্ত। (আবু দাউদ, হাদিস : ১০৪৯)

বৃষ্টির সময় দোয়া কবুল হয় 
বৃষ্টির সময় মহানবী (সা.) বেশি বেশি দোয়া করতেন। রাসুল (সা.) বলেন, ‘দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আজানের সময়ের দোয়া ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া।’ (সুনানে আবু দাউদ, সহিহুল জামি, হাদিস : ৩০৭৮)

ফরজ নামাজের পর দোয়া
আবু উমামা (রা.) থেকে বর্ণিত হয়েছে, ‘একবার রাসুল (সা.)-কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, ‘রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৪৯৮)

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!